ত্রিধাবিভক্ত বিএনপিতে ক্ষণিকের একতা
জয়পুরহাটের আক্কেলপুরে দলীয় কোন্দলে বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত। উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত দলটির পৃথক দুটি কমিটিও আছে। যাবতীয় দলীয় কর্মসূচিও আলাদাভাবে পালন করেন নেতা-কর্মীরা। গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এ অবস্থা।
তবে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এখানকার বিভক্ত তিনটি পক্ষ ক্ষণিকের জন্য সব বিভক্তি ভুলে গিয়েছিল। তারা সবাই মিলে জন্মদিনের কেক কাটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় গত বুধবার সন্ধ্যায় ওই কেক কাটা হয়। উপজেলা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা-সমর্থিত পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলমগীর চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম-সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি জামশেদ আলম ছাড়াও আরেক পক্ষের নেতা পৌর কাউন্সিলর মামুনুর রশিদসহ দলের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। কেক কেটে নেতারা একে অপরের মুখে তুলে দেন।
নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা-কর্মী জানান, স্থানীয় সাংসদের সঙ্গে নেতা-কর্মীদের দূরত্বই দলটিতে বিভক্তির মূল কারণ।
আলমগীর চৌধুরী বলেন, ‘তারেক রহমানের জন্মদিনে সবাই মিলে কেক কেটেছি। এটি ক্ষণিকের একটি কার্যক্রম ছিল। এর পর থেকে আবারও দলীয় কর্মসূচিগুলো আগের মতোই আলাদাভাবে পালন করা হচ্ছে।’
জামশেদ আলম বলেন, সবার অংশগ্রহণে জন্মদিনের অনুষ্ঠান সার্থক হয়েছে। তবে এর পর থেকে তাঁরা আগের মতোই পৃথকভাবে দলীয় কর্মসূচিগুলো পালন করবেন।
মামুনুর রশিদ বলেন, ‘আমরা স্থানীয় বিএনপিকে একত্র করতে কাজ করে যাচ্ছি।