ত্রিপক্ষীয় বৈঠকের পর নৌ ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিন অচলাবস্থার পর শ্রমিকদের ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাজধানীর মতিঝিলের শ্রম ভবনে সরকার, মালিক-শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকের পর এ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

নৌ ধর্মঘট আহ্বানকারী নৌ শ্রমিক সংগ্রাম ফেডারেশনের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ত্রিপক্ষীয় বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী ও মালিকেরা আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। সব পক্ষই কিছুটা ছাড় দিয়েছে। তাতে সর্বোচ্চ ‘ক’ শ্রেণির সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৯৭৫০ টাকা, ‘গ’ শ্রেণির ৭৭৫০ টাকা। ‘খ’ শ্রেণির বেতন এখনো ঠিক করা হয়নি। তবে ‘ক’ ও ‘গ’ শ্রেণির মাঝামাঝি তা ঠিক করা হবে। এ সিদ্ধান্ত হওয়ার পর সব নৌপরিবহন চলাচলে আর কোনো বাধা নেই বলে জানান তিনি।

ত্রিপক্ষীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে সর্বসম্মতভাবে একটি শান্তিপূর্ণ সমাধান হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। যা ১ জুলাই ২০১৬ থেকে কার্যকর করা হবে। নৌ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকেরা।

বেতন-ভাতা বাড়ানোসহ ১৫ দফা দাবিতে নৌযানশ্রমিকেরা টানা এই ধর্মঘট পালন করছিলেন। ‘নৌশ্রমিক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এই ধর্মঘট শুরু করা হয়েছিল।