ত্রিদেশীয় ট্রানজিট ও যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় রূপরেখা তৈরিতে আলোচনায় রাজি হয়েছে বাংলাদেশ, ভারত ও ভুটান।গতকাল শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত ট্রানজিট ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ, ভারত ও ভুটানের ত্রিপক্ষীয় কর্ম কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞ পর্যায়ের প্রথম আলোচনায় বাংলাদেশ স্বাগতিক দেশ হলেও বৈঠক শেষে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।প্রথম বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাশফি বিনতে শামস, ভারতের রেল মন্ত্রণালয়ের পরিচালক বীরেন্দ্র কুমার ও ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো বাপ খেসাং যথাক্রমে বাংলাদেশ, ভারত ও ভুটানের নেতৃত্ব দেন।বৈঠকে তিন দেশের কর্মকর্তারা ত্রিদেশীয় ট্রানজিট ও যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে রূপরেখার কর্মপরিধি নিয়ে আলোচনা করেন। খসড়া কর্মপরিধি তৈরি করেছে বাংলাদেশ। উপ-আঞ্চলিক প্রেক্ষাপটে ট্রানজিট ও যোগাযোগ নেটওয়ার্কে তিন দেশ কীভাবে লাভবান হবে, সে বিষয়ে কর্মকর্তারা আলোচনা করেন।২০১১ সালের অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি অনুযায়ী এ বৈঠক হয়েছে।