
রাঙামাটি রাজবনবিহার বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের পূর্ণাঙ্গ অনুবাদ প্রকাশ করে অসাধ্য সাধন করেছে। এটি জ্ঞানচর্চার নতুন মাইলফলক হয়ে থাকবে। গতকাল শুক্রবার দুপুরে বাংলায় প্রথম পূর্ণাঙ্গ ত্রিপিটক গ্রন্থের ২৫ খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। রাঙামাটি রাজবনবিহার প্রাঙ্গণে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিপিটক পাবলিশিং সোসাইটির উদ্যোগে বেলা পৌনে দুইটায় ত্রিপিটক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রাজবনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়ের স্ত্রী য়েন য়েন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ, চাকমা সার্কেলের রানি য়েন য়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সহযোগী অধ্যাপক জ্ঞানরত্ন ভিক্ষু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক দিলীপ কুমার বড়ুয়া এবং ত্রিপিটক পাবলিশিং সোসাইটির সভাপতি মধু মঙ্গল চাকমা।
চাকমা সার্কেলের রানি য়েন য়েন বলেন, বাংলায় ত্রিপিটক অনুবাদ করা কঠিন কাজ। ত্রিপিটক পাবলিশিং সোসাইটি সেই কঠিন কাজটি করে দেখিয়েছে। এই দিনটি গৌরব ও অর্জনের দিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. আফসার আহমদ বলেন, সমগ্র ত্রিপিটক পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করে অসাধ্যসাধন করেছে ত্রিপিটক পাবলিশিং সোসাইটি। এটি একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।
ত্রিপিটক অনুবাদ ও সম্পাদনার সঙ্গে যুক্ত বিধুর মহাস্থবির বলেন, ত্রিপিটক গ্রন্থের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে যোগাযোগ করছেন। পাঠকদের সুবিধার্থে দেশের বিভিন্ন পাঠাগারে ত্রিপিটক দেওয়া হবে। এ ছাড়া বাংলা একাডেমি, ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ত্রিপিটক পাঠানো হবে।