বান্দরবানের দুর্গম এলাকায় বসবাসরত দরিদ্র ও অনগ্রসর ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ)। গতকাল শুক্রবার সংগঠনটির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে বান্দরবান জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন টিএসএফের কেন্দ্রীয় সভাপতি সুখেন্দু ত্রিপুরা।
উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য স্মৃতিবিকাশ ত্রিপুরা, ফাদার ডমিনিক সরকার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দীনময় রোয়াজা, ভাষাবিদ সত্যহা পানজি, ইউএনডিপি বান্দরবানের জেলা ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা।
বক্তারা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠী যোগাযোগবিচ্ছিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে বসবাস করে। এ কারণে শিক্ষা, সেবাসহ সরকারি সুযোগ-সুবিধার আওতার বাইরে থাকছে ত্রিপুরারা। এই অবস্থার পরিবর্তন করতে হলে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে ত্রিপুরা জনগোষ্ঠীর ৫৪ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।