ত্রিপুরা থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেই ত্রিপুরা থেকে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত হবে।

আজ বুধবার উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মানিক দে মুঠোফোনে প্রথম আলোকে জানান, ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি নিয়ে উভয় দেশের মধ্যে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এলেই চুক্তি হবে।

আগামী ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে উভয় দেশ এই বিষয়ে চুক্তিতে আসবে বলে মনে করছে ত্রিপুরা সরকার। গত বছরের ২৩ মার্চ থেকে ১০০ মেগাওয়াট করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে ত্রিপুরা। সেই হিসাবে আজই পূর্ণ হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা থেকে বিদ্যুৎ আনার এক বছর।

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ ঠিকমতোই চলছে। প্রতিশ্রুতিমতো ১০০ মেগাওয়াট করেই বিদ্যুৎ দিচ্ছি আমরা। তবে মাঝে মাঝে ওপার থেকে বেশি চাহিদা থাকলে ১১ মেগাওয়াট বিদ্যুৎ বেশি সরবরাহ করা হয়ে থাকে।’

মানিক দে দাবি করেন, ত্রিপুরা বিদ্যুৎ-উদ্বৃত্ত রাজ্য। তাই আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রদানেও সম্মত ছিলেন তাঁরা। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামোগত অসুবিধা থাকায় আপাতত ভারত সরকারের নির্দেশে ৬০ মেগাওয়াট বিদ্যুৎই নেবে বাংলাদেশ।

পশ্চিম ত্রিপুরার সূর্যমণি নগরের ভারতীয় পাওয়ার গ্রিড থেকে কুমিল্লায় বাংলাদেশ পাওয়ার গ্রিড পর্যন্ত ৪৭ কিলোমিটার ডবল সার্কিট বিদ্যুতায়ন লাইন বিদ্যুৎ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান মানিক দে।