ত্রিপুরা থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ত্রিপুরা থেকে বাড়তি বিদ্যুৎ রপ্তানির বিষয়টি চূড়ান্ত হবে।
ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি নিয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এলেই চুক্তি হবে। ২০১৬ সালের ২৩ মার্চ থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করছে ত্রিপুরা।
ত্রিপুরা সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১৭ মার্চ ঢাকায় এক বৈঠকে ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও কারিগরি বিষয়গুলো পর্যালোচনা হয়। বৈঠকে দুদেশের কর্মকর্তারা প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হবে, তা চূড়ান্ত করেছেন। কিন্তু ত্রিপুরা থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কত দামে বাংলাদেশে বিক্রি হবে তা জানাতে অস্বীকৃতি জানান রাজ্য সরকারের ওই কর্মকর্তা।
এ মুহূর্তে বাংলাদেশে বিক্রি হওয়া ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির প্রসঙ্গে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী জানান, বিদ্যুৎ সরবরাহ ঠিকমতোই চলছে। প্রতিশ্রুতি অনুযায়ী ১০০ মেগাওয়াট করেই বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ত্রিপুরায় বাড়তি বিদ্যুৎ থাকায় আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজ্যের সম্মতি ছিল। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ পরিবহনের অবকাঠামোগত অসুবিধা থাকায় আপাতত ৬০ মেগাওয়াট বিদ্যুৎই নেবে বাংলাদেশ।