ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনার পথ চূড়ান্ত
ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার পরিবাহী লাইনের পথ ঠিক করা হয়েছে। ত্রিপুরার সূর্যমণি নগর বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা পর্যন্ত হবে এই পরিবাহী পথ।
এত দিন ত্রিপুরা থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত থাকলেও কোন পথে এই বিদ্যুৎ বাংলাদেশে যাবে তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে গত সোমবার আগরতলার প্রজ্ঞাভবনে বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ বিভাগের যৌথ বৈঠকে ওই পথ ঠিক হয়েছে।
ত্রিপুরা থেকে প্রকাশিত বাংলা দৈনিক দেশের কথার ৪ নভেম্বর সংখ্যায় ‘পালাটানার বিদ্যুৎ বাংলাদেশে নিতে চূড়ান্ত হলো পরিবাহী লাইনের রুট’ শিরোনামের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ পরিবাহী লাইনটি হবে ৫১ কিলোমিটার। নতুন এ লাইন নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হবে প্রায় পাঁচ কোটি টাকা। এর মধ্যে ভারতের দিকে ২৪ কিলোমিটার লাইন নির্মাণ করবে ভারত। আর বাংলাদেশ কুমিল্লা অংশে করবে ২৭ কিলোমিটার। ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পাওয়ার গ্রিড কোম্পানির নির্বাহী পরিচালক চৌধুরী আলমগীর হোসেন। এ ছাড়া ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও পাওয়ার গ্রিড কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুণ কুমার সাহা। ভারতীয় দলে ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের অধিকর্তা রবীন্দর গুপ্তা, পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়ার মহাব্যবস্থাপক এম হাজারিকা ও এজিএম অশোক পাল।
দুই দেশের প্রতিনিধিদল সোমবার আগরতলার প্রজ্ঞাভবনে বৈঠক করে। বৈঠকে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের (দপ্তরের) পদস্থ কর্মকর্তা ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
পত্রিকার খবরে আরও বলা হয়, বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান চৌধুরী আলমগীর হোসেন ত্রিপুরায় সাংবাদিকদের জানান, এই পরিবাহী লাইনটি হয়ে গেলে বাংলাদেশ হয়ে ভারতের অন্য অংশে বিদ্যুৎ নিয়ে যাওয়া সম্ভব হবে।
আর ত্রিপুরা বিদ্যুৎ নিগমের পরিচালক এম কে চৌধুরী বলেন, ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে ভারতের অন্য অংশে বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য পরিবাহী লাইন নির্মাণে ভারত সরকারের কাছে রাজ্য সরকার আগেই দাবি জানিয়ে রেখেছে।