ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি ১৬ ডিসেম্বর শুরু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু বিলম্বিত হচ্ছে। ত্রিপুরার পালাটানায় স্থাপিত গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে আমদানি শুরুর কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
মন্ত্রণালয়ের সূত্র বলেছে, এ বিলম্বের প্রধান কারণ, ভারত বিদ্যুতের দাম বেশি চাইছে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম তারা চাইছে প্রায় আট টাকা। গ্যাসভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের এ দাম অনেকটাই বেশি। যদিও এর মধ্যে সঞ্চালন ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। ভারত থেকে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, তার প্রতি ইউনিটের দাম পড়ছে সাড়ে ছয় টাকার মতো। এর সঙ্গেও সঞ্চালন ব্যয় ধরা আছে।
সূত্র বলেছে, সরকারের যে কমিটি ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির সামগ্রিক বিষয় তদারক করছে, তারা দামের বিষয়টি ফয়সালা করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। ফলে এখন পর্যন্ত দাম নির্ধারিত হয়নি। তাই দুই পক্ষের মধ্যে বিদ্যুৎ বেচাকেনার চুক্তিও (পাওয়ার পারসেজ অ্যাগ্রিমেন্ট বা পিপিএ) সই হয়নি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ত্রিপুরা সরকার বিদ্যুতের যে দাম নির্ধারণ করেছে, তা একটু বেশি মনে হচ্ছে। যদিও পালাটানা কেন্দ্রটি অনেক দূরে। তারপরও প্রতি ইউনিট প্রায় আট টাকা বেশিই। তাই বিষয়টি নিয়ে ত্রিপুরা সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়টি ফয়সালা হলেই বিদ্যুৎ আমদানি শুরু হবে।
তবে ওই বিদ্যুৎ সঞ্চালনের জন্য দুই দেশের মধ্যকার লাইন নির্মাণের কাজও পুরোপুরি সম্পন্ন হয়নি বলে জানা গেছে। ওই লাইনের বাংলাদেশ অংশ (আখাউড়া থেকে কুমিল্লা) নির্মাণ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এই কোম্পানির সংশ্লিষ্ট সূত্র বলেছে, তাদের অংশের কাজ প্রায় শেষ। আগামী মঙ্গলবার নাগাদ তারা লাইনটিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সঞ্চালন করে দেখবে। তবে লাইনটির ত্রিপুরা অংশের কাজ কিছু বাকি আছে। তা সম্পন্ন হতে আরও দু-এক সপ্তাহ লাগতে পারে। সব মিলে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এ মাসে না-ও শুরু হতে পারে। তাতে অবশ্য দেশে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। কারণ, বর্তমানে দেশে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদনক্ষমতা বেশি আছে।