ভারতের ত্রিপুরা থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সে দেশের বিদ্যুৎ, কয়লা, নবায়নযোগ্য সম্পদ ও খনিজ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পক্ষে প্রতিমন্ত্রী পীযূষ গোয়াল নেতৃত্ব দেন। বৈঠকে ক্রস বর্ডার বিদ্যুৎ বাণিজ্যের ফ্রেমওয়ার্ক হালনাগাদকরণ, আসাম থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, ভুটান থেকে বিদ্যুৎ আমদানি এবং ভুটান, ভারত ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সভার সময় নির্ধারণ, ভারতের কোম্পানি ইইএসএলের সঙ্গে বাংলাদেশের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সমঝোতা স্মারক চুক্তি এবং ১১তম জেএসসি সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভারতের ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।