ত্রিপুরা-বাংলাদেশ রেল যোগাযোগ স্থাপনের অনুরোধ
ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ চালুর জন্য আলোচনা শুরু করতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে এসব কথা বলেন মানিক সরকার।
গতকাল বৃহস্পতিবার আসামের রাজধানী গুয়াহাটিতে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। খবর পিটিআই ও ডিএনএইন্ডিয়ার।
ভারতের রেল মন্ত্রণালয়কে এ রেল যোগাযোগের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে মানিক সরকার বলেন, এ বিষয়ে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে রাজি করানো যেতে পারে। তিনি বলেন, ‘স্বাধীনতার আগে ত্রিপুরার কয়েকটি শহর তৎকালীন পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশের সঙ্গে সংযুক্ত ছিল। আগরতলার (ত্রিপুরার রাজধানী) সঙ্গে আখাউড়া রেলস্টেশনের যোগাযোগ ছিল। ত্রিপুরার ব্যাপক অর্থনৈতিক অগ্রগতির জন্য বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের মানুষ ও পণ্যের অবাধ যাতায়াত খুব দরকার।’ চট্টগ্রাম বন্দরের সঙ্গে যোগাযোগ তৈরিরও তাগিদ দেন তিনি। তিনি বলেন, ‘ভারত সরকার অবকাঠামোর উন্নয়ন করে আশুগঞ্জ দিয়ে পণ্য পরিবহনের সুযোগ দিতে বাংলাদেশের সরকারকে রাজি করাতে পারে।’