ত্রিপুরাপাড়ার আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির ত্রিপুরাপাড়ায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছে। এ নিয়ে ত্রিপুরাপাড়ায় হামে মারা গেল ১০ শিশু।
শিশুটির নাম নিপা ত্রিপুরা (৩)। তার বাবার নাম সুভাচাঁন ত্রিপুরা। নিপা দক্ষিণ সোনাইছড়ি বগুলাবাজার এলাকার ত্রিপুরাপল্লিতে থাকে। সুভাচাঁনের আরও দুই মেয়ে রীতা ত্রিপুরা (৫) ও লক্ষ্মী ত্রিপুরা (২) হাম নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে লক্ষ্মী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে।
জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, রীতা আগে থেকে মেডিকেলে ভর্তি ছিল। গতকাল (রোববার) তার দুই বোন নিপা ও লক্ষ্মীকে ভর্তি করা হয়। এ দুজনকে প্রথমে বিআইটিআইডিতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসার্স ডিজিজেস) ও পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। রাতেই নিপাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে আজ সোমবার সকাল পৌনে নয়টায় মারা যায়।
জানতে চাইলে হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, ছয় দিন ধরে জ্বর ও র্যাশ ছিল। শ্বাসকষ্ট ছিল। হাম থেকে জটিল হয়ে নিউমোনিয়া ও সেপটিসেমিয়ায় মারা যায় বাচ্চাটি। লক্ষ্মীও ত্রিপুরাও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলে প্রণব কুমার চৌধুরী জানান।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২৭ জন এবং বিআইটিআইডিতে চারজন হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে।
গত ১২ জুলাই পর্যন্ত সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়ায় ৯ শিশু মারা যায়। প্রথমে অজ্ঞাত রোগে তাদের মৃত্যু হয়েছে বলে জানালেও পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয় শিশুগুলো হামে আক্রান্ত ছিল। ১২ জুলাই থেকে একই পাড়া এবং আশপাশের ত্রিপুরাপল্লি থেকে হাম আক্রান্ত শতাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।