
চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়া থেকে দেড় কিলোমিটার দূরে বগুলাবাজার এলাকার একটি পাহাড়ে ত্রিপুরাপল্লির শিশুদের মধ্যেও অজ্ঞাত রোগ ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পল্লির ১২ শিশুসহ ১৩ জনকে গতকাল শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অন্যজন অন্তঃসত্ত্বা নারী। শিশুরা সবাই জ্বরে ভুগছে। মুখে ঘা ও গায়ে লালচে গোটা উঠেছে।
এ নিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে আক্রান্ত ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হলো। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫১ জন এবং ফৌজদারহাটের বাংলাদেশ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৩৪ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই শিশু রয়েছে। অন্তঃসত্ত্বা নারীকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়া থেকে গতকাল তিন শিশুকে হাসপাতালে নিয়ে যান তাদের অভিভাবকেরা। তাদের বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ওই তিন শিশু রোগী নয়। তারা অসুস্থও নয়। তবে তারা অপুষ্টির শিকার। এ পর্যন্ত দুটি হাসপাতালে ভর্তি হওয়া সব শিশুই মারাত্মক অপুষ্টিতে ভুগছে। তাদের সুষম খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবার অবস্থা এখন ভালোর দিকে। তিনি বলেন, ত্রিপুরাপাড়ায় কোনো শিশুর জ্বর হলেও তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। অজ্ঞাত এই রোগ নিয়ে অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
গত এক সপ্তাহের মধ্যে জ্বর, কাশি, বমিসহ নানা উপসর্গে ভুগে সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ার নয় শিশু মারা যায়। এর মধ্যে গত বুধবার এক দিনেই মারা যায় চার শিশু। কী কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।
অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়া নতুন এলাকা ত্রিপুরাপল্লি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বগুলাবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। গতকাল বেলা সাড়ে তিনটায় সেখানে গিয়ে দেখা যায়, পাহাড়ের ওপর ২১টি ত্রিপুরা পরিবার বসবাস করে। পল্লির সর্দার মঙ্গরাম ত্রিপুরা প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ ধরে শিশুদের জ্বর, মুখ ফুলে যাওয়া, মুখে ঘা ও শরীরে লালচে গোটা দেখা যাচ্ছে। তিনি বলেন, পল্লির ১৩ জনকে হাসপাতালে নিয়ে গেছেন স্বাস্থ্যকর্মীরা।
ত্রিপুরাপাড়ার মতো ত্রিপুরাপল্লির বাসিন্দারাও রোগমুক্তির জন্য তাবিজ-কবজে বিশ্বাস করেন। কেউ অসুস্থ হলে তাকে কবিরাজের কাছে নিয়ে যান। অসুস্থ শিশুদের চিকিৎসা বলতে ‘ঝাড়ফুঁকই’ ভরসা। কেউ খুব গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার জন্য দাওয়াই হোমিওপ্যাথি।
ত্রিপুরাপল্লি থেকে হাসপাতালে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বা নারীর বয়স তুলনামূলকভাবে অনেক কম বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন। তিনি বলেন, ওই নারীর শুধু জ্বর আছে। মুখে ঘা হওয়া বা ফোলা এ রকম কোনো উপসর্গ নেই। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরাপল্লির যেসব শিশুকে হাসপাতালে আনা হয়েছে তাদের কেউ কেউ কখনো পাহাড় থেকে নিচে নামেনি বলে জানতে পেরেছেন। তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। এই শিশুরাও অপুষ্টিতে ভুগছে। তাদের চিকিৎসা চলছে, ভয়ের কিছু নেই।
এদিকে ত্রিপুরাপাড়ার শিশুদের টিকাদানে গাফিলতির অভিযোগ তদন্তে গঠিত কমিটি গতকাল প্রতিবেদন জমা দিয়েছে বলে জানান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এস এম নুরুল করিম। তিনি বলেন, প্রতিবেদনটি ঢাকায় পাঠানো হয়েছে। সেখান থেকেই প্রতিবেদন প্রকাশ করা হবে।