ত্রিপুরাপাড়া দখলের চেষ্টা জামায়াতের সমর্থকদের
বান্দরবান সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক একটি চক্রের বিরুদ্ধে জোতরাম ত্রিপুরাপাড়া দখলচেষ্টার অভিযোগ উঠেছে। চক্রটি হয়রানিমূলক মামলা দিয়ে আদিবাসীদের ভয়ভীতি দেখাচ্ছে। পাশাপাশি ওই পাড়ার কয়েক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার জন্য জোত পারমিট (গাছ কাটা ও পরিবহনের অনুমতিপত্র) নেওয়ারও প্রক্রিয়া চালাচ্ছে। জেলা প্রশাসক ওই চক্রকে জোত পারমিট দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র ও ত্রিপুরাপাড়ার লোকজন জানান, ১৯৮৬ সালে বন বিভাগ জুমিয়া পুনর্বাসন প্রকল্পের আওতায় টংকাবতি ইউনিয়নের টংকাবতি মৌজায় ২৫টি ত্রিপুরা পরিবারকে পুনর্বাসন করে। জোতরাম ত্রিপুরা কার্বারির (পাড়াপ্রধান) নামেই পাড়ার নাম হয় জোতরামপাড়া। সেখানে আইয়ুব আলীর জমির দক্ষিণ পাশে ত্রিপুরাদের জন্য ঘরবাড়ি নির্মাণের প্লট ও বিদ্যালয়ের জায়গাও সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়। পরে আইয়ুব আলী ওই জমি নাসির উদ্দিনের কাছে বিক্রি করেন। সেই জমি এখনো পতিত রয়েছে। পুনর্বাসিত হওয়ার পর আদিবাসীরা পাড়ায় আম, কাঁঠাল, সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগান। সরেজমিনে ওই পাড়ায় অনেক বড় বড় গাছ দেখা যায়। পাড়ার শুধু সেগুনগাছ বিক্রি করলে ১৫-২০ লাখ টাকা পাওয়া যাবে বলে দাবি করেন স্থানীয় ব্যক্তিরা। জোতরাম ত্রিপুরা কার্বারি জানান, জামায়াতের সমর্থক নাসির উদ্দিন ওরফে ফুটবল নাসিরের নেতৃত্বে একটি চক্র জোতরামপাড়াসহ চার একর জমির জোত পারমিটের জন্য গোপনে জেলা প্রশাসক ও বন বিভাগে আবেদন করে। বিষয়টি জানার পর তাঁরা জেলা প্রশাসকের কাছে আপত্তি জানালে চক্রটি ক্ষুব্ধ হয়। পরে আদিবাসী কয়েকজনের বিরুদ্ধে গাছ চুরির সাজানো মামলা করা হয়। জোতরাম কার্বারি ৩ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে পাড়া ও গাছ রক্ষার জন্য লিখিত আবেদন জানিয়েছেন। এতে তিনি জামায়াতে ইসলামীর বান্দরবানের সমর্থক নাসির উদ্দিন, আশ্রাফ উল্লাহ, সিরাজুল ইসলাম ও লোহাগাড়ার খোকন মিয়া এবং আবদুল রশিদের বিরুদ্ধে দখলচেষ্টায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন।এ ব্যাপারে নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ত্রিপুরাপাড়ার গাছগুলো আইয়ুব আলীর লাগানো। আদিবাসীরাই আইয়ুব আলীর জমি দখল করেছে। বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা এ এস এম মুনিরুল ও টংকাবতি রেঞ্জ কর্মকর্তা শিবপ্রসাদ জানান, নথিপত্র অনুযায়ী আমিন-কানুনগো নিয়ে আইয়ুব আলীর জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। বিষয়টি ১৯৮৬ সালেই মীমাংসিত। তবে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।জেলা প্রশাসক মিজানুর রহমান ত্রিপুরাদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কেউ দখল করতে গেলে তীর-ধনুক, দা ও কুড়াল দিয়ে প্রতিরোধ এবং মামলা করার জন্য আদিবাসীদের বলে দিয়েছি।’ জোত পারমিট প্রক্রিয়া চালানোর জন্য ওই চক্রকে অনুমতি দেওয়ার বিষয়টি তাঁর খেয়াল নেই বলে জানান। জামায়াতে ইসলামী বান্দরবানের আমির আবদুস সালাম আজাদ জানান, নাসির উদ্দিন ও আশ্রাফ উল্লাহসহ ওই এলাকায় আমাদের কিছু সমর্থক আছেন। তাঁরা আমাদের বিভিন্ন মিছিল-মিটিংয়ে আসেন।