ত্রিপুরাপাড়ায় কমিউনিটি ক্লিনিক চালু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই ত্রিপুরাপাড়ার পাশে অস্থায়ী কমিউনিটি ক্লিনিক চালু হচ্ছে আজ বুধবার থেকে। মধ্য সোনাইছড়ির ফুলতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কাছে একটি টিনশেড ভাড়া ঘরে ক্লিনিকের কার্যক্রম শুরু হবে।

গত জুলাই মাসে মধ্য ও দক্ষিণ সোনাইছড়ির ত্রিপুরাপাড়ায় হামে ১০ শিশুর মৃত্যু হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। এ ছাড়া সীতাকুণ্ড পৌরসভা, দুই ইউনিয়ন—সোনাইছড়ি ও কুমিরায় হাম-রুবেলার বিশেষ টিকা কার্যক্রম চলছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম নুরুল করিম প্রথম আলোকে বলেন, বুধবার (আজ) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ক্লিনিকের কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। ইতিমধ্যে সেখানে আসবাব, সরকারি ওষুধপথ্য ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, অস্থায়ী এই ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কাজী মো. আসিফ উদ্দিনের তত্ত্বাবধানে একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারী কাজ করবেন। সেখানে সেবা পাবে ত্রিপুরাপল্লির বাসিন্দারাসহ এক বর্গকিলোমিটারে বসবাসরত অন্তত ১২ হাজার মানুষ।