ত্রিপুরায় জ্বালানি পরিবহনে সমঝোতা স্মারক সই
আসাম থেকে মেঘালয় হয়ে ত্রিপুরায় ডিজেল, কেরোসিন, তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসসহ জ্বালানি পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে দুই প্রতিবেশী দেশ গতকাল বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক সই করেছে। ভারী বৃষ্টি ও ভূমিধসে আসাম থেকে ত্রিপুরার রাস্তা (এনএইচ ৪৪) নষ্ট হওয়ায় বাংলাদেশ মানবিক কারণে ভারতের ওই অনুরোধে সাড়া দিয়েছে।
সমঝোতা স্মারক অনুযায়ী আসাম থেকে মেঘালয় হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রিপুরায় প্রতিদিন সর্বোচ্চ ৮০টি লরিতে জ্বালানি পরিবহন করা হবে। এই পথ ব্যবহারের জন্য প্রতি কিলোমিটার/টন ১ দশমিক শূন্য ২ টাকা হারে মাশুল দেবে ভারত। সমঝোতা স্মারকটির মেয়াদ এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়াতে হলে এর সময় শেষ হওয়ার এক সপ্তাহ আগে আলোচনা করে দুই পক্ষ এটি বাড়াতে পারবে।
সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা জানান, ভারতের জ্বালানিবাহী লরি মেঘালয় থেকে ডাউকি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর প্রায় ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ত্রিপুরায় যাবে। এ সময় লরিগুলো তামাবিল সিলেট বাইপাস-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর পথ দিয়ে ত্রিপুরার কৈলাস্বরে যাবে। ত্রিপুরায় জ্বালানি তেল পরিবহনের পর খালি লরিগুলো বাংলাদেশের চাতলাপুর চেকপোস্ট দিয়ে পুনরায় প্রবেশ করে একই পথ ব্যবহার করে ভারতে ফিরে যাবে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ত্রিপুরায় জ্বালানি পরিবহনের রুট পারমিটের বিষয়ে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। সড়ক জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আইওসিএলের নির্বাহী পরিচালক সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারক সইয়ের পর ঢাকায় ভারতের উপ-হাইকমিশনার আদর্শ সোয়াইকা গতকাল প্রথম আলোকে বলেন, ‘সমঝোতা স্মারক যেহেতু সই হয়েছে, খুব শিগগির জ্বালানি পরিবহন শুরু হবে বলে আশা করছি।’
সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা জানান, ভারতীয় চালক ও তাঁদের সহকারীদের নামের তালিকা, তাঁদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস সনদ, বিমাসহ সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়ার পর জ্বালানি পরিবহন শুরু হবে। এসব কাগজপত্র পাওয়ার পর বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো যাচাই করবে। আশা করা যায় এক সপ্তাহের মধ্যে আসাম থেকে ত্রিপুরায় জ্বালানি পরিবহন শুরু হবে।