ত্রিপুরায় জ্বালানি পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ
আসামের বন্যায় সেখানকার সীমান্তবর্তী রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় ত্রিপুরায় জ্বালানি পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুরোধ জানিয়েছে ভারত। মানবিক কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এক রাজ্য হয়ে অন্য রাজ্যে জ্বালানি পরিবহনের এই অনুরোধে সাড়া দিতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো গতকাল সোমবার প্রথম আলোকে জানিয়েছে, খুব শিগগির দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে ত্রিপুরায় জ্বালানি পরিবহন শুরু হবে এবং তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দুই দেশের বিদ্যমান নৌ প্রটোকলের বাইরে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে নতুন একটি পথে এই জ্বালানি পরিবহনের সিদ্ধান্ত হওয়ায় সমঝোতা স্মারকটি সই হবে। ভারত গতকাল সমঝোতা স্মারকের একটি খসড়া বাংলাদেশকে পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাধারণত ত্রিপুরার জ্বালানি আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং হয়ে আবার আসামের বরাক উপত্যকা পেরিয়ে চুরাইবাড়ি সীমান্ত দিয়ে ত্রিপুরায় পাঠানো হয়। ভারতের প্রস্তাব অনুযায়ী, এখন জ্বালানিবাহী লরি আসাম থেকে মেঘালয়ে পৌঁছাবে। এরপর জ্বালানিবাহী লরি মেঘালয়ের ডাউকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের তামাবিল হয়ে মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে ত্রিপুরার কৈলাশহরে যাবে।
জ্বালানি পরিবহনের সময় বাংলাদেশের সড়ক অবকাঠামোর ক্ষতি হলে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে সংশ্লিষ্ট এক সরকারি কর্মকর্তা গতকাল জানান, জ্বালানি পরিবহনের পরিকল্পিত পথে কোনো জায়গায় সংস্কারের প্রয়োজন হলে সেটির দায়িত্ব ভারত নেবে এবং বিষয়টি সমঝোতা স্মারকে উল্লেখ থাকবে।
ভারতের একটি কূটনৈতিক সূত্র গতকাল সকালে প্রথম আলোকে জানায়, মানবিক কারণে ভারত ত্রিপুরায় জ্বালানি পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুরোধ জানিয়েছে। খুব শিগগির সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এই অনুরোধে সাড়া পাওয়ার আশা করছে ভারত। ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক জ্বালানি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) আসাম থেকে ত্রিপুরায় জ্বালানি পরিবহন করবে।
ত্রিপুরার পরিবহন ও বিদ্যুৎমন্ত্রী মানিক দে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিকে বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই বাংলাদেশ দিয়ে জ্বালানি পরিবহনের উদ্যোগ নিতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে রাজ্য সরকার। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে কেন্দ্রীয় সরকার জ্বালানি আনলে তা ভালো হবে।
এর আগে নৌ প্রটোকলের আওতায় আশুগঞ্জ নৌবন্দর হয়ে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে চাল ত্রিপুরায় পাঠানো হলেও কোনো মাশুল নেয়নি বাংলাদেশ। ২০১১ সালে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারী যন্ত্রপাতি পরিবহন করেছিল ভারত। কোনো রকম মাশুল ছাড়া ভারী ওই যন্ত্রপাতি পরিবহনের জন্য দুই দেশ সে সময় একটি সমঝোতা স্মারক সই করেছিল।