ত্রিপুরা থেকে নেমে আসার আগে বর্জ্যপানি পরিশোধন করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তের অভিবাসন বিভাগ এলাকায় মানববন্ধন করে এ দাবি জানানো হয়। এলাকাটি সীমান্ত থেকে মাত্র ২০ গজ দূরে।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, ওই পানির কারণে সীমান্তের প্রায় ১৫টি গ্রামের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে আছে। উর্বরা হারাচ্ছে তাদের প্রায় দুই হাজার হেক্টর জমি। কুচকুচে কালো আর উৎকট গন্ধের পানির কারণে সিঅ্যান্ডবি খাল ও জাজি নদীর আশপাশে বসবাসকারী মানুষ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জমিতে ধান চাষ করতে গিয়ে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন কৃষকেরা।
মানববন্ধনে অংশ নিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মো. রহিম মিয়া বলেন, কয়েক যুগ ধরে ওই পানি আসছে ত্রিপুরা থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে আসা পানিতে তীব্র গন্ধ। বিষয়টি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার নেই।
গত ১১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘ওপার থেকে আসছে বিষাক্ত পানি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।