ত্রিপুরার বাণিজ্য মেলায় বাংলাদেশের ৩৮ স্টল
সবগুলো চেনা নাম। অটবি, প্রাণ, ডায়মন্ড সিমেন্ট ও আরএফএল। এ ছাড়া আছে আরও বহু পরিচিত নাম। নামীদামি বাংলাদেশি এসব প্রতিষ্ঠানের পণ্যের পসরা সাজানো হয়েছে মেলায়। এটি বাংলাদেশের কোনো মেলা নয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ২৫তম শিল্প ও বাণিজ্য মেলায় স্টল দিয়েছে বাংলাদেশের এসব প্রতিষ্ঠান।
মেলার ১৬৩টি স্টলের মধ্যে ৩৮টিই বাংলাদেশের। গত বৃহস্পতিবার রাতে মেলার উদ্বোধন করেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্ত্তী। মেলা উদ্বোধনের সময় তিনি বলেন, ত্রিপুরায় বাংলাদেশি পণ্যের ব্যবহার দিনে দিনে বাড়ছে। বাড়ছে বাণিজ্যও।
তপন চক্রবর্ত্তী বলেন, বাংলাদেশের ফেনী ও ত্রিপুরার শ্রীনগর সীমান্তে একটি বর্ডার হাট চালু করা হয়েছে। এ ধরনের আরও সাতটি বর্ডার হাট চালু করা হবে। চালু করা হবে আটটি স্থলবন্দর। এখন বছরে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৩৫০ কোটি টাকার বাণিজ্য হয়।
মেলা ঘুরে দেখা যায় বাংলাদেশের স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড়। বাংলাদেশের ডায়মন্ড সিমেন্ট, আরএফএল, বিএসআরএম, প্রাণ গ্রুপ, অটবি, পারটেক্স, বেঙ্গল ছাড়াও ৩৮টি কোম্পানি স্টল খুলেছে। বাংলাদেশি বস্ত্রের স্টলও আছে মেলায়। বাংলাদেশি পণ্যের চাহিদাও ব্যাপক।
মেলায় ঘুরতে আসা আগরতলার বাসিন্দা অমর দাশ বলেন, ‘আমাদের এখানে বেশির ভাগ পণ্য বাংলাদেশের। আমরা অনেক কিছুর জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল।’
মেলার বাইরে শহরের বিভিন্ন স্থানে দোকানপাটের দিকে তাকালে তাঁর কথার সত্যতা পাওয়া যায়। সেখানকার দোকানপাটে প্রচুর পরিমাণে বাংলাদেশি পণ্য দেখা যায়।
বাংলাদেশি ব্যবসায়ীরা বললেন, বাংলাদেশি পণ্যের ব্যবসা বাড়াতেই মেলায় অংশগ্রহণ। ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী বলেন, ‘আমাদের ব্যবসার প্রসারের জন্য এ মেলায় এসেছি। এখানে মাসে দুই লাখ ব্যাগ সিমেন্টের চাহিদা আছে। এর বেশির ভাগই আসে বাংলাদেশ থেকে।’ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।