ত্রিপুরায় অবৈধ বাংলাদেশি অভিবাসী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ থেকে যাওয়া কোনো অবৈধ অভিবাসী নেই বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সম্প্রতি আগরতলায় এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ থেকে ত্রিপুরায় অবৈধ অভিবাসন বাড়ছে—বিশ্ব হিন্দু পরিষদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মানিক সরকার এ মন্তব্য করেন। খবর দ্য নর্থইস্ট টুডের।
মানিক সরকার বলেন, ‘সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে, রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার ১৪ শতাংশ। এ হার আগে ছিল ৩৪ শতাংশ। পরিসংখ্যান না জেনে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রভিন তোগাদিয়া বাংলাদেশ থেকে ত্রিপুরায় অবৈধ অভিবাসনের অভিযোগ কীভাবে করলেন?’
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, তোগাদিয়ার এ ধরনের মন্তব্য রাজ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ত্রিপুরা ও প্রতিবেশী বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক নষ্ট করতে পারে। তিনি বলেন, যদিও দুই অঞ্চলের মধ্যে তারের বেড়া আছে, তবু ত্রিপুরা ও প্রতিবেশী বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুবই উষ্ণ।
তোগাদিয়া সম্প্রতি ত্রিপুরা সফরের সময় বলেন, বাংলাদেশ থেকে যেসব মুসলমান অভিবাসী ভারতের নাগরিকত্ব দাবি করবে, তাঁদের বংশানুক্রমিক পরীক্ষা হওয়া দরকার যে তাঁদের পূর্বপুরুষেরা ভারতের ছিলেন কি না।