ত্রিপুরায় আটক বাংলাদেশি নিরাপত্তা হেফাজতে
ভারতের উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশি ইরা মিয়ার (৬০) ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দুই দিন পুলিশ হেফাজতে থাকার পর গতকাল বুধবার তাঁকে কৈলাসহর কারাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।
অনুপ্রবেশের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে গত রোববার রাত সাতটার দিকে বিএসএফ ইরা মিয়াকে ধরে নিয়ে যায়। তিনি মানসিক ভারসাম্যহীন বলে তাঁর পরিবার জানিয়েছে। এ বিষয়ে প্রথম আলোতে ৫ ও ৬ জানুয়ারি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গতকাল শ্রীমঙ্গল ৪৬ নম্বর বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দীন বলেন, ইরা মিয়ার বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। তাঁকে দ্রুত ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে জোর চেষ্টা চলছে। তবে বিএসএফ এখনো চূড়ান্তভাবে কিছু জানায়নি।
কৈলাসহর থেকে প্রকাশিত দৈনিক উত্তর ত্রিপুরা পত্রিকার সম্পাদক মোহিত পাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল পুলিশ ইরা মিয়ার ডাক্তারি পরীক্ষা করেছে। পরীক্ষার ফল পাওয়ার আগ পর্যন্ত তাঁকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় মানসিক ভারসাম্যহীন প্রমাণিত হলে বিজিবির সঙ্গে বৈঠক করে তাঁকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা আছে।