ত্রিপুরায় গেল ভারতীয় চালের ষষ্ঠ চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ থেকে আনা চালের ষষ্ঠ চালান গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে। এর আগে ৭ থেকে ১৩ আগস্টের মধ্যে পাঁচটি চালান পাঠানো হয়। টানা বৃষ্টির কারণে চাল পাঠানোর কাজ গত তিন দিন বন্ধ ছিল।
দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পর ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিনা শুল্কে ১০ হাজার টন খাদ্যশস্য ত্রিপুরা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। প্রথম দফায় গত ১৪ জুলাই কলকাতার ডায়মন্ড হারবার বন্দর থেকে পাঁচ হাজার ৮০ মেট্রিক টন চাল পাঁচটি জাহাজে তোলা হয়। এসব চাল ৫ আগস্ট আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছায়।
আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা যায়, এ পর্যন্ত ১০১টি কাভার্ড ভ্যানে ১৭ মেট্রিক টন করে মোট এক হাজার ৭১৭ মেট্রিক টন চাল ত্রিপুরার নন্দননগর এলাকার এফআইসি গোডাউনে পৌঁছানো হয়েছে।