চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) আলোকচিত্র প্রদর্শনী চলছে ভারতে। গত বৃহস্পতিবার রাতে ত্রিপুরার আগরতলা সিটি সেন্টার আর্ট গ্যালারিতে তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ঢাকার ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ও আগরতলা প্রেসক্লাবের সহযোগিতায় এ প্রদর্শনী হচ্ছে।
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক হৃদ্যতার, বন্ধুত্বের ও আত্মীয়তার। ঐতিহাসিক কারণে এই সম্পর্ক গড়ে উঠেছে। দিনে দিনে এই সম্পর্ক সুসংহত ও সমৃদ্ধ হচ্ছে। তিনি বলেন, আগরতলার পালাটানা কেন্দ্র থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
‘মাই সয়েল মাই সোল’ শীর্ষক প্রদর্শনীতে চট্টগ্রামের ২২ জন আলোকচিত্র সাংবাদিকের ৪৪টি ছবি স্থান পেয়েছে। এসব ছবিতে বৃহত্তর চট্টগ্রামের মাটি, মানুষ, প্রকৃতি, জীবনচিত্র, বাণিজ্য ইত্যাদি বিষয় উঠে এসেছে।
প্রদর্শনীতে অংশ নিতে সিপিজেএর ১৮ জনের একটি প্রতিনিধিদল ২১ জানুয়ারি চট্টগ্রাম থেকে ভারতের আগরতলায় গেছে। আজ শনিবার প্রদর্শনী শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা। সভাপতিত্ব করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন আগরতলা পৌর মেয়র প্রফুল্লুজিৎ সিনহা। এতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফি, সিপিজেএর সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।