ত্রিপুরায় তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় আজ রোববার ভোরে গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে এলাকাবাসী।


নিহত তিনজন হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার এলাকার সিদ্দিক আলী (৬৫), উপজেলার উসমানপুর এলাকার আনোয়ার আলী (৩২) ও একই এলাকার সুন্দর আলী (৩০)।

জানা গেছে, আজ ভোরে বাল্লা সীমান্তের ৭৬৭ নম্বর পিলার দিয়ে পাঁচ বাংলাদেশি ত্রিপুরার খোয়াই শহরের মজুমদার টিলা এলাকায় যান। এ সময় তাঁদের গরু চোর সন্দেহে এলাকাবাসী ধাওয়া করলে দুজন পালিয়ে চুনারুঘাট ফিরে এলেও বাকি তিনজনকে আটক করে তারা। পরে ধারালো অস্ত্র দিয়ে ওই তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়।

বিজিবি শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সাইফুদ্দিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ এখনো হস্তান্তর করা হয়নি। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।