ত্রিপুরায় পালিয়ে যাওয়া ৯২ আদিবাসী ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নাড়াইছড়ি থেকে পালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তে নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া ৯২ জন চাকমা দেশে ফিরেছেন৷ গতকাল শনিবার ভারতের ইসকে পাড়া সীমান্তে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়৷
উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা গতকাল জানিয়েছেন, নাড়াইছড়ি এলাকায় তীব্র খাদ্যসংকট চলছে৷ এলাকাটি দুর্গম হওয়ায় স্থানীয় প্রশাসনের সঙ্গে আদিবাসীদের তেমন যোগাযোগও নেই৷ সম্ভবত এই কারণেই নারী ও শিশুসহ ওই এলাকার আদিবাসীরা সীমান্তবর্তী ত্রিপুরায় পালিয়ে গিয়েছিলেন৷
আদিবাসীদের ফেরত আসার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মাসুদ করিম প্রথম আলোকে বলেন, ওই আদিবাসীদের তাৎক্ষণিকভাবে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে৷
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২০) পানছড়ি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ত্রিপুরা রাজ্যের ঢালাই জেলার গন্ডাছড়া মহুকুমায় নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশের অন্তত ৭০টি আদিবাসী পরিবারের নারী ও শিশুসহ অন্তত ৩৫০ জন সদস্য আশ্রয় নেওয়ার খবর গত ৪ জুন ভারতের গণমাধ্যমে প্রকাশ পায়৷ গত শুক্রবার দুই দেশের প্রশাসন ও ব্যাটালিয়ন পর্যায়ে ভারতের ইসকে পাড়া সীমান্তে আবার বৈঠক হয়৷ বৈঠকে নাড়াইছড়ি এলাকার গ্রামপ্রধানদের (কার্বারি) সহযোগিতায় ৯২ জন আদিবাসীকে শনাক্ত করা হয়৷ গতকাল বিকেলে তাঁরা দেশে ফিরেছেন৷