ত্রিপুরায় বাংলাদেশের প্রথম সরকার গঠন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম সরকার গঠন দিবস উদ্‌যাপিত হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। আজ সোমবার সন্ধ্যায় আগরতলা টাউন হলে এ উপলক্ষে শুরু হয় দুদিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের। ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় আসেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক এ এস এন সামছুল আরিফিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাসান আরিফ প্রমুখ। ফ্রেন্ডস অব বাংলাদেশের ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। বাংলাদেশের শ্রুতিঘরের শিল্পীরা দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন।
আজ আলোচনার মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মুক্তাদির চৌধুরী মন্তব্য করেন, বাঙালি জাতির ইতিহাসে এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯৭১ সালের ১০ এপ্রিল আগরতলা সার্কিট হাউসে স্বাধীন বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা বৈঠক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রথম সরকার গঠন করেন। তবে ঘোষণা হয় পরে মেহেরপুরের আমবাগানে।
আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মিহিরকান্তি দেব। তিনি বলেন, ‘১৭৫৭ সালে পলাশির আমবাগানে স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল। মেহেরপুরের আমবাগানে বাঙালি জাতির জন্য নতুন আধুনিক রাষ্ট্রের জন্ম হয়।’
অনুষ্ঠানে দুই দেশের বক্তারাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন। দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা সিনেমা জগতের পরিচিত মুখ বাদশা মৈত্র।