ত্রিপুরায় মুক্তিযুদ্ধ স্মারক উদ্যান ও সংগ্রহশালা হচ্ছে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার অবদান স্মরণীয় করে রাখতে একটি স্মারক উদ্যান তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজধানী আগরতলার ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার চোট্টাখলায় তৈরি করা হচ্ছে এই মুক্তিযুদ্ধস্মারক উদ্যান। মুক্তিযুদ্ধের সময় এই চোট্টাখলায় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল। এখান থেকে মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধ হয়ে নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে গিয়ে লড়াই করেছিলেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান স্মরণীয় করে রাখতে এখানে একটি স্মারক উদ্যান ও সংগ্রহশালা গড়ার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। এ কাজে ২০ হেক্টর জমি বরাদ্দ দিয়েছে ত্রিপুরার বন বিভাগ। রাজ্যের বনমন্ত্রী জীতেন চৌধুরী এই স্মারক উদ্যান নির্মাণের মূল উদ্যোক্তা। তিনি বলেন, এখানে তৈরি করা হবে ৫২ ফুট উঁচু একটি স্মৃতিস্তম্ভ। এই স্তম্ভে দাঁড়িয়ে নোয়াখালী ও ফেনী দেখা যাবে। তা ছাড়া এখানে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মূর্তিও স্থাপন করা হবে। এই স্মারকস্তম্ভ নির্মাণে বরাদ্দ করা হয়েছে চার কোটি রুপি। এখানকার মুক্তিযুদ্ধ সংগ্রহশালায় থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা তথ্য, ছবি, ঐতিহাসিক দলিলসহ ভারতীয় সেনাদের ব্যবহূত যুদ্ধাস্ত্র। দ্রুত চলছে এর নির্মাণ কাজ।