ত্রিপুরায় মুক্তিযুদ্ধের সংগ্রহশালা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক একটি সংগ্রহশালা গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ১৯৭১ সালে কয়েক লাখ বাংলাদেশি শরণার্থী আশ্রয় নিয়েছিল এই রাজ্যে। তাদের প্রতি সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিল ত্রিপুরার জনগণ। রাজ্যের বেলোনিয়া মহকুমার চোট্টাখলা এলাকা ছিল মুক্তিযুদ্ধের একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। ঐতিহাসিক সেই চোট্টাখলায় মুক্তিযুদ্ধবিষয়ক ওই সংগ্রহশালা গড়তে ইতিমধ্যে চার কোটি টাকাও বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার। সংগ্রহশালা উদ্বোধনের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ত্রিপুরা আসতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে ত্রিপুরার শাসকজোট বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর প্রথম আলোকে বলেছেন, ১৯৭১ সালে চোট্টাখলা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। ত্রিপুরায় প্রশিক্ষণ নিয়েছিল বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযুদ্ধের স্মৃতিকে অম্লান রাখার জন্য রাজ্য সরকার এই সংগ্রহশালা গড়ার উদ্যোগ নিয়েছে। সংগ্রহশালায় থাকবে মুক্তিযুদ্ধের তথ্য ও ছবিসহ ঐতিহাসিক নানা দলিল।