ত্রিপুরায় শুল্কমুক্ত খাদ্যপণ্য পরিবহনে অনুমতি সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আশুগঞ্জ হয়ে ৭০০ ট্রাকে ভারতের ত্রিপুরায় কোনো শুল্ক ছাড়াই খাদ্যপণ্য পাঠানোর অনুমতি দিয়েছে সরকার।
রাজ্যটিতে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠাতে ‘ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফসিআই)’-কে এই শুল্কমুক্ত পণ্য পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া গতকাল শনিবার এ খবর জানিয়েছে।
ত্রিপুরার রাজ্য প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘আমরা জেনেছি, শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বাংলাদেশ সরকার তার স্থলবন্দর ও সড়কপথে ত্রিপুরায় চাল পরিবহনে এ বাবদ কোনো খরচ ধার্য করবে না।’
এই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ সরকার এরই মধ্যে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে আশুগঞ্জে চালের ওই চালান পাঠানোর অনুমতি দিয়েছে।
ভারতের কর্মকর্তারা দাবি করেন, আখাউড়া স্থলবন্দরের কাস্টমস স্টেশন থেকে ত্রিপুরায় শুল্কমুক্ত চাল পরিবহনের অনুমতি-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
মসৃণ গতিতে ও দ্রুত ট্রাকযোগে পণ্য পরিবহনের স্বার্থে বাংলাদেশ সরকার নিজ খরচে স্থলবন্দর থেকে কাস্টমস স্টেশন পর্যন্ত ৫৮ কিলোমিটার সড়ক পুনঃসংস্কার করারও সিদ্ধান্ত নিয়েছে।