ত্রিপুরা-রামগড়ের মধ্যে নির্মিত হবে ফেনী সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুমে ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর ওপর সেতু নির্মাণের জন্য ১২৫ কোটি রুপি মঞ্জুর করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। ত্রিপুরার মুখ্য সচিব যশপাল সিং গত বুধবার রাতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
যশপাল সিং বলেছেন, শিগগিরই কাজ শুরু হবে। চূড়ান্ত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআরও প্রস্তুত। ৪১২ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে বাংলাদেশকে কোনো অর্থ খরচ করতে হবে না।
সাব্রুমের আনন্দপাড়া এলাকার নবীনপাড়া থেকে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড়ের মহামুণি পর্যন্ত এই সেতু নির্মাণ করা হবে। তবে ফেনী নদীর ওপর মূল সেতুটি হচ্ছে ১৫০ মিটার। জমি জরিপ থেকে শুরু করে প্রকল্প তৈরির কাজ শেষ হয়েছে। স্থানীয় মহকুমা প্রশাসক সুভাষ সাহা প্রথম আলোকে বলেন, ভারতীয় সীমান্তে এর জন্য ১৬ একর জমি অধিগ্রহণ করতে হবে। জমি চিহ্নিতও করা হয়েছে। অনুরূপভাবে বাংলাদেশেও জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্তমানে লোকসভার সদস্য জিতেন্দ্র চৌধুরী নয়াদিল্লি থেকে প্রথম আলোকে বলেন, এটা উইন-উইন সেতু। শুধু সাব্রুম নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের জন্যই এটা খুবই সুখবর। বাংলাদেশের পার্বত্য এলাকাও এর ফলে উপকৃত হবে। সাব্রুমের স্থানীয় মানুষও খুব খুশি। তাঁরা স্বেচ্ছায় জমি দিতে রাজি হচ্ছেন।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে প্রথম আলোকে বলেন, সাব্রুম থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে চট্টগ্রাম বন্দর। ফলে সহজেই ত্রিপুরাসহ গোটা উত্তর-পূর্ব ভারত সেই বন্দর ব্যবহার করতে পারবে। এই সেতু নির্মিত হলে বাংলাদেশ ও ভারতের মৈত্রী আরও সুদৃঢ় হবে।