ত্রিপোলির দূতাবাসের সঙ্গে যোগাযোগ দুই দিন ধরে বিচ্ছিন্ন
লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ গত সোমবার রাত থেকে প্রায় বিচ্ছিন্ন। তবে সর্বশেষ যোগাযোগের সময় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, লিবিয়ায় এখন পর্যন্ত বাংলাদেশিরা নিরাপদে আছেন। বাংলাদেশিদের কেউ হতাহত হননি। উত্তর আফ্রিকার সংঘাতবিক্ষুব্ধ দেশটিতে বাংলাদেশের নাগরিকেরা কেমন আছেন, এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অণু বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ‘গত দুই দিন ধরে দূতাবাসের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই। তবে সোমবার সন্ধ্যায় লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান জানান, ত্রিপোলিতে অবস্থানকারী বাংলাদেশিরা ভালো আছেন। তাঁদের নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’আফ্রিকা অণু বিভাগের ওই কর্মকর্তা আরও বলেন, গত শুক্রবার থেকেই বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশিদের সহায়তায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। বাংলাদেশিদের বাড়ির বাইরে আদৌ না বেরোতে বলা হয়েছে। তা ছাড়া প্রয়োজন হলে যাতে তাঁদের দেশে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে।