ত্রিমুখী চাপে কর্তৃপক্ষ, ভর্তি পরীক্ষা সম্পন্ন নিয়ে আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। কিন্তু এর আগেই একদিকে ছাত্রলীগের দুটি পক্ষের মুখোমুখি অবস্থান-আলটিমেটাম অন্যদিকে ছাত্রশিবিরের চট্টগ্রাম অচল করে দেওয়ার হুমকি দেওয়ায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তবে ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ছাত্রসংগঠনগুলোকে ধ্বংসাত্মক কর্মসূচি না দিতে অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের পদত্যাগ, প্রতিপক্ষের নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ সাত দফা দাবি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা। পরের দিন আবার ছাত্রলীগের আরেকটি পক্ষের নেতা-কর্মীরা প্রতিপক্ষের নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে ২৮ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
অন্যদিকে দুটি ছাত্রাবাস খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে গত ৩১ আগস্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্মঘট ও অবরোধ কর্মসূচি পালন করেছে শিবির। এ সময়ে তারা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাসহ নানা ধ্বংসাত্মক কর্মসূচি পালন করেছে। সর্বশেষ ১৮ অক্টোবর সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠায়। তাতে ২৫ অক্টোবরের মধ্যে তাদের দাবি মেনে না নিলে বৃহত্তর চট্টগ্রাম অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের নিয়েই বিশ্ববিদ্যালয়। তাই বৈধ ছাত্রদের ছাত্রাবাসের বাইরে রেখে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। ছাত্রাবাস সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো অ্যাকাডেমিক কার্যক্রম করতে দেওয়া যায় না।
বিবদমান ছাত্রলীগের এক পক্ষের নেতা রাশেদ হোছাইন প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নেই। ছাত্রলীগ নামধারী অছাত্র সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাব। আমরা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী।’
অন্য পক্ষের নেতা অমিত কুমার বসু বলেন, ভর্তি পরীক্ষাকে বানচাল করতে সাম্প্রদায়িক শক্তি শিবির ও তার এজেন্টরা তৎপর রয়েছে। ভর্তি পরীক্ষার আগে আবাসিক ছাত্রাবাসগুলোতে ছাত্রলীগের সব পক্ষের অবস্থান নিশ্চিত করতে না পারলে পরবর্তী যেকোনো কিছুর জন্য প্রশাসন দায় নেবে, ছাত্রলীগ নয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক লাখ ৮০ হাজার শিক্ষার্থী আসবেন। পরীক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হলে তাঁরা সবাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই ছাত্রসংগঠনগুলোর কাছে বিনীত অনুরোধ, তারা যেন কোনো ধ্বংসাত্মক কর্মসূচি না দেয়।’
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটি সূত্র জানায়, এবারের শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৪৬টি বিভাগ ও ইনস্টিটিউটে চার হাজার ৪৭৭টি আসনের বিপরীতে এক লাখ ৭৯ হাজার ৫৭৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ অক্টোবর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারসহ পুলিশের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।