ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র না পাওয়ায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালককে মারধর করার অভিযোগে মামলা হয়েছিল আওয়ামী লীগের স্থানীয় নেতা মোহাম্মদ আসলামের বিরুদ্ধে। ওই ঘটনার বছরও পার হয়নি, সেই আসলামই এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী।
মোহাম্মদ আসলাম ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বনানী থানায় করা মামলার এজাহার অনুযায়ী, ২০১৪ সালের ৪ মে দরপত্র না পাওয়ায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক হেদায়েতুল ইসলামকে মারধর করেছিলেন তিনি। তাঁর সঙ্গে আসা লোকজন পরিচালককে তাঁর দপ্তর থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। সে সময় প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশিত হয়।
সাততলা বস্তিতে গত বুধবার দুপুরে প্রচারণা চালাতে দেখা গেল মোহাম্মদ আসলামকে। তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছিলেন। তিনি ভোটারদের বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিন, দেশ শান্তিতে থাকবে।’
মো. নাছির এ ওয়ার্ডে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। নারী ভোটারদের একটি দলের কথোপকথনে বোঝা গেল এ বস্তিতে তাঁর বেশ পরিচিতি আছে।
এ ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী হাবিব উল্লাহ। ভোটারদের জন্য তাঁরও প্রতিশ্রুতির কমতি নেই। তিনি বলেন, এ বস্তির পানি, পয়োনিষ্কাশন সমস্যার সমাধান করে একে সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর বস্তি হিসেবে গড়ে তুলতে চান তিনি।
অন্য কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে আছেন জাতীয় পার্টির দুজন আবু নাঈম মো. মোস্তাফিজুর রহমান ও সাইফুল ইসলাম। বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মিজানুর রহমান নিষ্ক্রিয় হয়ে গেছেন।
এ ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় হবে ত্রিমুখী—আওয়ামী লীগ-সমর্থিত, বিএনপি-সমর্থিত ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. নাছিরের মধ্যে।
এ ওয়ার্ডের আরেক এলাকা নিকেতনে নির্বাচনের আঁচ তেমন লাগেনি। ওই এলাকার ভোটারসংখ্যা যেমন কম, কম পোস্টারের সংখ্যাও। প্রার্থীরাও সেখানে খুব প্রচারণা চালাচ্ছেন না বলে জানালেন নিকেতনের একজন নিরাপত্তাকর্মী।
তবে কিছুটা এগিয়ে নিকেতন বাজারে যেতেই ভোটের উত্তাপ পাওয়া গেল। এ বাজারের ব্যবসায়ী মো. নাছির ভোট নিয়ে তাঁর শঙ্কা প্রকাশ করলেন। তাঁর বক্তব্য, ‘ধরলাম ভোট ঠিকঠাক হইল, গণনা হবে তো।’ তাঁর অনুমান এ ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
নিম্নমানের জীবনই নিয়তি: মহাখালী ও নিকেতন নিয়ে গঠিত এ ওয়ার্ডের ভোটারসংখ্যা ৬৩ হাজার ৮০৬। এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ২৪৯ জন, নারী ভোটার ৩০ হাজার ৫৫৭ জন।
মহাখালী থেকে গুলশান-১ পর্যন্ত মূল রাস্তার অবস্থা ভালো হলেও এ ওয়ার্ডের ভেতরের রাস্তা ও পয়োনিষ্কাশনব্যবস্থা তেমন ভালো নয় বলে জানিয়েছেন এখানকার কয়েকটি অংশের বাসিন্দারা। মহাখালীর সাততলা বস্তিতে ঢোকার মুখে সংক্রামক ব্যাধি হাসপাতালের পাশের রাস্তাটির মতোই দশা বস্তির আশপাশের সব রাস্তার।
আর সাততলা বস্তিসহ আশপাশের কয়েকটি বস্তিতে নিম্নমানের জীবনই যেন নিয়তি। এসব বস্তিতে জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নিম্ন আয়ের মানুষেরা বসবাস করেন। পানি, বিদ্যুৎ, শৌচাগার—হেন কোনো সমস্যা নেই, যা এ বস্তিবাসীর নেই। এর ওপর প্রায়ই উচ্ছেদের হুমকি তো আছেই। এবারের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাঁদের জন্য বহুতল ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানির বৈধ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন।
জাতীয় পার্টি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম বললেন, তিনি নির্বাচিত হলে বস্তির জীবনকে মানবিক করে তোলার চেষ্টা করবেন।
তবে প্রার্থীদের যেমন প্রতিশ্রুতির কমতি নেই, তেমনি ভোটারদেরও প্রার্থীদের প্রতি অনাস্থার কমতি নেই। সাততলা বস্তির বাসিন্দা আবদুস সালাম যেমন বললেন, ‘এহন তো কত কথাই কয়। কই দিন পরে দেখা যাইব, বড় বিল্ডিং বানানোর লাইগা বস্তির জায়গাই দখল করতে আইছে।’