ত্রিমুখী লড়াইয়ের আভাস পাটগ্রামে
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মেয়র পদে শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াই হবে বলেই ধারণা করছেন স্থানীয় ভোটাররা। এই তিনজন হলেন আওয়ামী লীগ, বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী। ভোটযুদ্ধে নামা চার প্রার্থীর মধ্যে নানা সমীকরণে জাতীয় পার্টির প্রার্থীকে চতুর্থ অবস্থানে রাখছেন সাধারণ ভোটাররা।
ভোটারদের ভাষ্যমতে, আওয়ামী লীগের শমসের আলী জয়ের জন্য মরিয়া, বিএনপির এ কে এম মোস্তফা সালাউজ্জামানের জন্য জামায়াত একটি বড় বাধা, সুবিধাজনক স্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলাম। এ ছাড়া আছেন জাতীয় পার্টির আবদুল হামিদ।
পাটগ্রাম পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। খুব অল্প সময়ের মধ্যেই প্রথম শ্রেণির মর্যাদা পায় পৌরসভাটি। ২০০২ সালে প্রথম পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শমসের আলী চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। এ সময় বিএনপি-সমর্থিত এ কে এম সালাউজ্জামান মাত্র ২৯ ভোটে হেরে যান। এ ছাড়া গতবারের উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন ওয়াজেদুল ইসলাম।
গত দুই দিন সরেজমিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘুরে পৌর নির্বাচনে নিয়ে দলীয় ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া গেছে। এবার তৃতীয় পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী হলেও মূলত নৌকা আর ধানের শীষের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন অনেকে। তবে শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়েও প্রশ্নও রয়েছে কোনো কোনো ভোটারের মাঝে। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ নিয়ে এলাকায় তেমন আলোচনা না হলেও স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলাম ভোটের ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারেন বলে মনে করছেন ভোটাররা।
২০১০ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হন তিনি। তবে গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। সে সুবাদে বোঝাই যায়, এলাকায় তাঁর জনপ্রিয়তা রয়েছে। তাই পাটগ্রাম পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি লড়াইটি অবশেষে ত্রিমুখী লড়াইয়ে পরিণত হতে পারে বলে অনেকেই মনে করছেন।
স্থানীয় লোকজন বলছেন, ওয়াজেদুল ইসলাম এক সময় যুবলীগ ও পরে উপজেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন। সাধারণ মানুষের মতে, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর বিপুল জনসমর্থন আছে ঠিকই। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর পরিচয়ের গণ্ডি আওয়ামী লীগের মধ্যেও ছড়িয়ে আছে। এটা একটা ফ্যাক্টর হতে পারে। আবার বিএনপির ক্ষেত্রে জামায়াত একটা ফ্যাক্টর। কারণ, বিএনপি-জামায়াতের ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে বিএনপির নেতা-কর্মীরা দুশ্চিন্তায় আছেন। মামলা ছাড়াও নানা রাজনৈতিক কারণে জামায়াতের লোকজন আত্মগোপন করে আছেন। কোণঠাসা হয়ে পড়া জামায়াতের এসব লোকজন হয়তো ভোটও দিতে পারবেন না। সে ক্ষেত্রে অনেকেই ঝামেলামুক্ত স্বতন্ত্র প্রার্থীকেই কাঙ্ক্ষিত প্রার্থী হিসেবে বেছে নিতে পারেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বলেন, গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় ওয়াজেদুল ইসলাম দল থেকে বহিষ্কৃত হন। এবার নৌকা মার্কার বাইরে আওয়ামী লীগের সমর্থক ও নেতা-কর্মীরা কাউকে ভোট দেবেন না।
লালমনিরহাট জেলা বিএনপির সদস্য রাজীব হাসান বলেন, জামায়াত যেহেতু ২০-দলীয় জোটভুক্ত, তাই তাঁদের ভোটও বিএনপির প্রার্থীকে দেবেন বলেই মনে করেন তিনি।
শমসের আলী বলেন, ‘মানুষ নাশকতাকারীদের প্রত্যাখ্যান করেছে বলেই এলাকায় নৌকার জোয়ার বইছে। পৌরসভার জন্মলগ্ন থেকে মেয়র নির্বাচিত হয়েছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই ভোটাররা আবারও আমাকে নির্বাচিত করবেন।’
মোস্তফা সালাউজ্জামান বলেন, ‘এলাকায় যেভাবে ধানের শীষের জোয়ার দেখা দিয়েছে, তাতে শান্তিপূর্ণ নির্বাচন হলে সাধারণ মানুষ আমাকে ভোট দিবে।’ জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে জানান।
এদিকে ওয়াজেদুল ইসলাম বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষ আমাকে ভোট দেবেন।’ তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান। আর জাতীয় পার্টির আবদুল হামিদও জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।