ত্রিমুখী লড়াইয়ের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথমবারের মতো খুলনার দাকোপের চালনা পৌরসভায় নির্বাচন হয়। ওই নির্বাচনে ৫৭ ভোটে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র অচিন্ত্য কুমার মণ্ডল হারিয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত বর্তমান মেয়র প্রার্থী সনৎ কুমার বিশ্বাসকে। এলাকায় এই দুই প্রার্থীর জনপ্রিয়তাও আছে।
এদিকে বিএনপির মনোনীত প্রার্থী শেখ আবদুল মান্নান তুলনামূলক কম পরিচিত হলেও দলীয় প্রতীকে নির্বাচন করায় তাঁরও বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে এখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
নানা বয়সী অন্তত ১০০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, চালনা বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল। তবে বর্তমান মেয়র স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পৌর এলাকার অনেকের শিক্ষক। তাঁর নিজের একটা ভোটব্যাংকও আছে। তবে গত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগে বিভক্তি সৃষ্টি হয়। এর এক অংশের নেতৃত্বে ছিলেন সাবেক সাংসদ ননী গোপাল মণ্ডল ও অন্য অংশে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। ওই সাবেক সাংসদের কাছের মানুষ হিসেবে পরিচিত অচিন্ত্য কুমার মণ্ডল। আর আবুল হোসেনের কাছের লোক হিসেবে পরিচিত সনৎ কুমার বিশ্বাস। ওই দ্বন্দ্ব পৌর নির্বাচনেও কিছুটা প্রভাব ফেলবে।
দাকোপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অসিত কুমার সাহা বলেন, ‘অনেক দিন ধরে মান্নান বিএনপির সঙ্গে আছেন। তিনি পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন বছর দুয়েক আগে। মনে করছি না, আমাদের প্রার্থী দুর্বল। এ ছাড়া বিএনপির সমর্থকেরা দলীয় প্রার্থীর বাইরে কাউকে ভোট দেবেন বলে মনে হয় না। সাধারণ মানুষ ভোট দিতে পারলে এবং নেতা-কর্মীরা প্রচারের সমান সুযোগ পেলে আমরা লড়াইয়ে থাকব।’
অচিন্ত্য কুমার মণ্ডল বলেন, ‘নির্বাচনে কারচুপি হতে পারে বলে মনে করছি। আমি গত পাঁচ বছরে পৌরসভায় অনেক কাজ করেছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ সনৎ কুমার বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি প্রার্থীর।’ স্বতন্ত্র প্রার্থীর আশঙ্কার বিষয়ে তিনি বলেন, জিততে পারবেন না জেনে তিনি নানা রকম কথা বলে বেড়াচ্ছেন। এখানে কোনো দিন কারচুপির ঘটনা ঘটেনি। এবারও ঘটবে না। বিএনপির প্রার্থী শেখ আবদুল মান্নান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে ও ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’