ত্রিশাল ও মাদারগঞ্জে শিশু ধর্ষণ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রথম শ্রেণীর ছাত্রীকে (৬) ধর্ষণের অভিযোগে গত রোববার পুলিশ মোস্তফা ওরফে ভুট্টো (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এদিকে জামালপুরের মাদারগঞ্জে নয় বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার একটি আশ্রয়ণ কেন্দ্রে গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গত শনিবার উপজেলার কাঁঠাল ইউনিয়নের আইনাক্ষেত গ্রামের মোস্তফা প্রথম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার বাবা-মাকে জানায়। এরপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়।
এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করার পর রোববার রাতে পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করে।
মাদারগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার সন্ধ্যায় একটি মেয়ে ঘরের সামনে পুকুরে ব্যাঙ ধরতে গেলে এক কিশোর (১৬) তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে কিশোর পলাতক রয়েছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এম এ জেড কাদির বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, গতকাল সোমবার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।