ত্রিশাল ও মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। টাঙ্গাইলের মির্জাপুরে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার বাগান গ্রামের ইয়াছিন আলীর ছেলে লাল মিয়া (৪০), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০) ও মুক্তাগাছা উপজেলার পাইকা শিমুল গ্রামের জাকির হোসেন (২৮) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের আবু রায়হান (১৯) ও নাটোরের লালপুর উপজেলার বৈদ্যনাথপুর মণ্ডলপাড়া এলাকার রুবেল মণ্ডল (২৫)।
লাল মিয়া ও মোস্তাফিজুর রহমান সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। জাকির হোসেন ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা এলাকায় মহাসড়কের পাশে যাত্রীর অপেক্ষায় নিজেদের অটোরিকশায় বসে ছিলেন চালক লাল মিয়া ও মোস্তাফিজুর। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। এর আগে ভোর পাঁচটার দিকে একই মহাসড়কের রায়মণি এলাকায় বিকল হওয়া ট্রাক মেরামত করছিলেন জাকির হোসেন। ওই সময় অপর একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ট্রাক দুটি আটক করা সম্ভব হয়নি। নিহত জাকিরের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে মহাসড়কে মির্জাপুর বাইপাসের মা সিএনজি ফিলিং স্টেশন এলাকায় যাত্রীবাহী একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে বাসযাত্রী আবু রায়হান নিহত ও সাতজন আহত হন। এ ছাড়া রাত তিনটার দিকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে পিকআপ ভ্যানের যাত্রী রুবেল মণ্ডল নিহত ও চালক আহত হন।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোতালেব হোসেন বলেন, নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।