ত্রিশাল বিদ্যুৎ অফিসের ভবনে ব্যবসায়ী খুন
গতকাল শনিবার ভোরে ময়মনসিংহের ত্রিশালের আবাসিক বিদ্যুৎ অফিসের ভবনে খুন হয়েছেন ওই ভবনের মালিকের ছোট ভাই ব্যবসায়ী আবদুল মালেক (২৮)। পুলিশ বাসা থেকে দুপুর ১২টায় মালেকের লাশ উদ্ধার করে। ত্রিশাল থানা পুলিশ ও তাঁর পরিবার সূত্রে জানা যায়, সকালে মালেকের গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার কোনাবাখাইল গ্রামের এক মহিলা মুঠোফোনে খবর দেন মালেক নিজ ঘরে খুন হয়েছেন। সকালে তাঁর কক্ষের দরজা খোলা ছিল। পাশের রুমে ছিলেন তাঁর ব্যবসায়িক অংশীদার সাব্বির, ইসলাম ও শাহজাহান। সকালে সাব্বিরকে পাওয়া গেলেও পরে তাঁদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মালেকের পিঠে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিদ্যুৎ অফিসের একটি কক্ষে তিনি একা থাকতেন। এ ভবনই ত্রিশাল বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলীর কার্যালয়। নৈশপ্রহরী থাকলেও তাঁরা এ বিষয়ে কিছুই টের পাননি। সকালে বাসার অন্য ভাড়াটেরা বিষয়টি বুঝতে পেরে তাঁর অন্য ভাইদের খবর দেন।