ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত
বহিঃপরিদর্শককে লাঞ্ছিত করার দায়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ পরিচালনা কমিটি। গত শুক্রবার কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের প্রভাষক সেলিম তরফদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ত্রিশাল পরীক্ষা কেন্দ্রে নকল ধরায় একজন বহিঃপরিদর্শককে লাঞ্ছিত করার ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ নভেম্বর কলেজ পরিচালনা কমিটির সভাপতির কাছে একটি চিঠি পাঠায়। এতে বহিঃপরিদর্শককে লাঞ্ছিত করার জন্য অধ্যক্ষ শরীফ উদ্দিনের অব্যাহতি চাওয়া হয়। ওই চিঠির ভিত্তিতেই পরিচালনা কমিটি তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।পরিচালনা কমিটির সদস্যরা বলেছেন, বিএ প্রোগ্রামের পরীক্ষা চলাকালে এক ছাত্রকে বই দেখে পরীক্ষা দেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন বহিঃপরিদর্শক আরিফুন মাওলা। তিনি ওই ছাত্রকে বহিষ্কার করলে ক্ষিপ্ত হয়ে শরীফ উদ্দিন আহমেদ তাঁকে লাঞ্ছিত করে পরীক্ষার হল থেকে বের করে দেন।