ত্রিশালে অবৈধ স্ট্যান্ড, যানজট, ভোগান্তি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা সদরে অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও লেগুনার মতো গাড়ির স্ট্যান্ড। অবৈধভাবে গড়ে ওঠা এসব স্ট্যান্ডের কারণে মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় দিনের বেশির ভাগ সময়ই যানজট লেগে থাকে।
গত সোম ও বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড অংশ চার লেনে উন্নীত করার কাজ চলছে। চার লেন কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কের এক পাশ আটকে অপর পাশ গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত রেখেছে। এতে মহাসড়কের প্রস্থ অর্ধেক হয়ে গেছে। ফলে বাসস্ট্যান্ড অংশের প্রায় এক কিলোমিটারে থেমে থেমে চলছে যানবাহন।
এ ছাড়া সড়কের উন্মুক্ত অংশের অনেকটা জায়গা অবৈধভাবে দখল করে দাঁড়িয়ে আছে বহু অটোরিকশা, টেম্পো ও লেগুনা। দীর্ঘ সময় নিয়ে যাত্রী তুলছে গাড়িগুলো। এতে সরু সড়কে চলাচলের জায়গা আরও কমে এসেছে। ঢাকা-ময়মনসিংহ পথে চলাচলকারী বাস-ট্রাকসহ ব্যক্তিগত গাড়িগুলোকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে।
ঢাকা থেকে হালুয়াঘাটগামী ‘শ্যামলী বাংলা’ পরিবহনের একজন চালক বলেন, রোজার আগে থেকেই সড়কের এই অবস্থা। কিন্তু পুলিশ বা প্রশাসন কাউকেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। একবার যানজটে পড়লে কমপক্ষে ৩০ মিনিট বসে থাকতে হয়।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, যত্রতত্র অটোরিকশা, টেম্পো ও লেগুনা দাঁড়িয়ে থাকায় মহাসড়কে যানজট লেগেই থাকে। এতে সড়কের এপার থেকে ওপারেও যাওয়া কঠিন হয়ে পড়ে।
তা ছাড়া সারা দিনের যানজটে চিৎকার-চেঁচামেচিতে টেকা মুশকিল হয়।
গত বুধবার মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বাসস্ট্যান্ডে সরেজমিনে একই রকম চিত্র দেখা যায়। চার লেনে উন্নীত করার জন্য কাজ চলতে থাকায় অর্ধেক সড়ক বন্ধ। বাকি অংশে আবার গড়ে উঠেছে অবৈধ টেম্পো স্ট্যান্ড। এ ছাড়া উন্মুক্ত অংশে স্থানীয় বাজার ব্যবসায়ীরা নিজেদের পণ্যবোঝাই ট্রাক দাঁড় করিয়ে মামামাল নামাচ্ছেন। এতে মহাসড়কে তৈরি হচ্ছে যানজট।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিবহনশ্রমিক বলেন, জায়গা না পেয়ে তাঁরা মহাসড়ক দখল করে যাত্রী তুলতে বাধ্য হন। এ নিয়ে প্রশাসন বা পুলিশও তাঁদের কিছু বলে না।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, মাঝে মাঝে অভিযান চালিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো সরিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর সেগুলো আবার এসে দাঁড়ায়। তিনি আরও বলেন, রাস্তা চার লেনে উন্নীত করার কাজ শেষ হলে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন অবৈধ স্ট্যান্ডের কারণে ভোগান্তির কথা স্বীকার করে বলেন, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে আলোচনা করে গাড়িগুলোর জন্য দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে। তবে এ জন্য কিছুটা সময় দরকার।