ত্রিশালে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন। এ সময় দুটি ট্রাক ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষের খবর ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ছাত্রদলের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি গতকাল বিকেল পাঁচটার দিকে ত্রিশাল মহিলা কলেজসংলগ্ন এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি ত্রিশাল উপজেলা পরিষদ গেটের দিকে অগ্রসর হলে এবং ত্রিশাল আওয়ামী লীগ মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যেতে থাকলে থানার পুলিশ মিছিল দুটি দুদিকে নিয়ে যাওয়ার জন্য নেতা-কর্মীদের অনুরোধ করে। কিন্তু পুলিশি বাধা অতিক্রম করে দুদলের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরস্পরকে ধাওয়া করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও মারামারিতে উভয় পক্ষের ১১ জন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের সদস্য সজীব আকন্দ, যুবলীগের ত্রিশাল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, ত্রিশাল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম, ত্রিশাল থানা ছাত্রদলের সভাপতি জুয়েল মণ্ডল, যুবদলের সদস্য মশিউর রহমান, ওলামা দলের আহ্বায়ক শাহাদাত্ হোসেন, ছাত্রদলের কর্মী কবীর হোসেন, ত্রিশাল থানা ছাত্রদলের সদস্য হারুন অর রশিদ, ত্রিশাল পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় শামীম হোসেন নামের একজন পথচারী আহত হন। তাঁদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ বিএনপির মিছিলকে ধাওয়া করলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) হাদিউল ইসলাম আহত হন।ত্রিশাল উপজেলা বিএনপির সহসভাপতি এনামুল হক ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগ আমাদের মিছিলে প্রথমে হামলা চালায়। পরে এ সংঘর্ষের শুরু হয়।’ ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিএনপি আমাদের মিছিলে প্রথমে হামলা করেছে।’ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কেউ মামলা করেনি বলে তিনি জানান।