ত্রিশালে আদালতের অভিযান, প্রতিবাদে সড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় নিয়ম না মেনে যানবাহন দাঁড় করিয়ে রাখার অপরাধে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দুটি ট্রাকসহ কয়েকটি পিকআপ ভ্যান ক্রেন দিয়ে উল্টে ফেলে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে পরিবহনমালিক ও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ করার সময় শ্রমিকদের সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে মাছ পরিবহনকারী ট্রাক ও পিকআপ ভ্যানের শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। বাসস্ট্যান্ড এলাকায় গাড়িগুলো নিয়ম না মেনে যত্রতত্র দাঁড় করিয়ে রাখায় চার লেনের কাজ করতে অসুবিধা হচ্ছিল।
খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাসস্ট্যান্ড এলাকায় আসেন। এ সময় আদালতের নির্দেশে ক্রেন দিয়ে মাছবাহী দুটি ট্রাক ও কয়েকটি পিকআপ ভ্যান উল্টে ফেলে দেওয়া হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ পরিবহনমালিক ও শ্রমিকেরা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া আবু আসলামসহ কয়েকজনকে আটকে রাখার চেষ্টা করলে পুলিশ তাঁদের মুক্ত করে নিয়ে আসে। বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত পরিবহনমালিক ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন গিয়ে অবরোধকারীদের সরে যেতে বাধ্য করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য আবু আসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।