ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য স্থান পরিদর্শন
ময়মনসিংহের ত্রিশালে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি দল। তারা স্থান দেখে সন্তোষ প্রকাশ করেছে।বেলা ১১টায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) শফিক আলম মেহেদী, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাকিব ইকবাল খান ও বিমান বন্দর-স্থাপন সম্ভাব্যতা যাচাই কমিটির সভাপতি (যুগ্ম সচিব) আমির হোসেনের নেতৃত্বে সরকারের একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল ত্রিশালের চেলেরঘাট ও বইলরে বিমানবন্দরের জন্য নির্বাচিত স্থান পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা দুটি স্থানের ব্যাপারেই সন্তোষ প্রকাশ করে এবং চেলেরঘাটকে বেশি উপযোগী স্থান বলে মন্তব্য করে। বিমানবন্দরটি স্থাপনের জন্য প্রায় ছয় হাজার একর জমি দরকার। বিমানবন্দরটি স্থাপন করা হলে ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকার এক হাজার ২০০ একর জমিও এই বিমানবন্দরে চলে আসবে। পরিদর্শন শেষে ত্রিশাল নজরুল ডাকবাংলোয় এক মতবিনিময় সভায় সচিব শফিক আলম মেহেদী বলেন, ‘বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর পছন্দের স্থান ত্রিশাল।’