ত্রিশালে কথিত ম্যাগনেটের জন্য ডাকাতির চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা মইশারটেকি গ্রাম থেকে গত সোমবার রাতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কথিত পাঁচ কোটি টাকা মূল্যের ম্যাগনেটের খোঁজে ওই গ্রামের এক কৃষকের বাড়িতে ডাকাতির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ সময় দুটি মাইক্রোবাস, ছুরি, দা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ত্রিশাল থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গভীর রাতে কৃষক মোবারক আলী মণ্ডলের বাড়িতে একদল ব্যক্তি ম্যাগনেট পাথরের সন্ধানে আসে। তারা র‌্যাব ও সাংবাদিক পরিচয় দিয়ে ওই বাড়িতে তল্লাশি শুরু করে। ঘরের বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে তারা ম্যাগনেটের সন্ধান চালায়। এ সময় প্রতিবেশীরা ওই বাড়িতে জড়ো হয়। একপর্যায়ে প্রতিবেশীদের কেউ ত্রিশাল থানায় খবর দেয়। পরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাদিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাবুল হোসেন, প্রতীক হাসান, মাহবুব, শাওন, সাখাওয়াত হোসেন, আলাউদ্দিন, জিল্লুর রহমান, আবু সাদাত, সোহাগ মিয়া, জাকির হোসেন, আবদুর রউফ, আসাদুল হক, হুমায়ুন কবীর, খলিলুর রহমান, সিরাজুল ইসলাম, ইয়াব আলী, মাসফিক এম ইসলাম, আবুল কালাম, ইনসান মিয়া, আল আমিন, মো. আবদুল্লাহ, রেজাউল করিম ও পথিক হাসান।ওসি ফিরোজ তালুকদার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাবুল হোসেন র‌্যাবের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অন্যরা ভুয়া পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টা চালায়। তারা দাবি করে, ওই বাড়িতে পাঁচ কোটি টাকা মূল্যের একটি ম্যাগনেট রয়েছে। তবে কথিত ওই ম্যাগনেট খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।