ত্রিশালে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যৌতুক না পেয়ে খোদেজা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার আমিয়ান ডাংগুডি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে ওই নারীর স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
নিহত খোদেজার পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, খোদেজার বাড়ি একই ইউনিয়নের কাজীগ্রামে। ১০ বছর আগে আমিয়ান ডাংগুডি গ্রামের আজিজুল হকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের দুই মাস পর ৫০ হাজার টাকা যৌতুক নিয়ে আজিজুল দুবাই চলে যান। দুই বছর পর দুবাই থেকে দেশে ফেরেন। সম্প্রতি আজিজুল আবার দুই লাখ টাকা চান।
খোদেজার ভাই কবীর উদ্দিন জানান, সোমবার আজিজুল তাঁদের (কবীর) বাড়ি এসে বিদেশ যাওয়ার জন্য দুই লাখ টাকা চান। তিনি আপাতত টাকা দিতে পারবেন না বলে বুঝিয়ে আজিজুলকে বাড়ি পাঠান।
পরদিন মঙ্গলবার সকালে আজিজুলের পরিবারের পক্ষ থেকে একটি শিশু মুঠোফোনে খোদেজার মৃত্যুর সংবাদ তাঁদের জানায়।
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও আজিজুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, কবীর গত মঙ্গলবার একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খোদেজাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গৃহবধূর লাশ উদ্ধার: মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকা থেকে গত মঙ্গলবার হ্যাপি রানী দাশ (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হ্যাপি পল্লি চিকিৎসক বিজনচন্দ্র দাসের স্ত্রী।