ত্রিশালে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ৪
ময়মনসিংহের ত্রিশালে গত শুক্রবার গভীর রাতে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। নিহত একজনের পরিচয় মিলেছে। তাঁর নাম সবুজ মিয়া (১৮)। বাড়ি ঢাকার সাভারে। আহত অবস্থায় পুলিশ ছয়জনকে আটক করেছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারের বিবরণ অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে খবর আসে, পৌর এলাকার ভাটিপাড়া গ্রাম থেকে একদল ডাকাত ট্রাকযোগে বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে জানতে পারে, ডাকাতদল উপজেলার কানহর থেকে আরেকটি ট্রান্সফরমার নিয়ে ত্রিশালের বালিপাড়ার দিকে যাচ্ছে। থানার টহল পুলিশ রাত তিনটার দিকে বালিপাড়ায় ডাকাতদের ট্রাকটি ধাওয়া করে। এ সময় ডাকাতেরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম আল মামুন ও কনস্টেবল ক্ষিতীশ চন্দ্র আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ আটটি গুলি ছুড়ে। পুলিশের ধাওয়ায় ডাকাতদের ট্রাকটি বালিপাড়া রেল ক্রসিংয়ে আটকা পড়ে। সেখানে এলাকাবাসী ডাকাতদের ধরে পিটুনি দেয়। পিটুনিতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুই ডাকাতের মৃত্যু হয় । ট্রাকে ২০ জনের মতো ডাকাত ছিল। তাদের ১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আহত অবস্থায় পুলিশ ছয় ডাকাতকে আটক করেছে। তাঁরা হলেন সাভারের ফারুক (৩৮), নেত্রকোনা সদরের রানা মিয়া (২৮), জেলার কেন্দুয়ার মিলন (২৫), নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাসান (২১), ফেনীর জামাল (২৫) ও রাজবাড়ীর সুমন (২০)। এঁদের মধ্যে জামাল ও সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ডাকাতদের ব্যবহূত ট্রাকটি (বগুড়া-ট-০২-০২১০) আটক ও ট্রান্সফরমার উদ্ধার করেছে। থানা হাজতে ফারুকসহ কয়েকজন প্রথম আলোকে বলেন, তাঁরা শ্রমিক। ময়মনসিংহের আলী হোসেন তাঁদেরকে এক হাজার টাকা মজুরি দেওয়ার কথা বলে জয়দেবপুর চৌরাস্তা থেকে নিয়ে এসেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি গতকাল বিকেলে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।