ত্রিশালে ছাত্রী আত্মহত্যায় দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিশালে ইভ টিজিংয়ের শিকার হয়ে কলেজছাত্রী রিপা রানী বর্মণের (১৭) আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা এতে অংশ নেন।গতকাল রোববার তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগারবাজার এলাকায় মানববন্ধন ও কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। ইভ টিজিংয়ের শিকার রিপা বর্মণ ১৪ সেপ্টেম্বর আত্মহত্যা করেন।আত্মহত্যার আগে রিপা চিরকুটে লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য রাজু দায়ী’। এ ঘটনায় রিপার বড় ভাই উজ্জ্বল বর্মণ বাদী হয়ে পাশের বাড়ির ছেলে রাজুসহ তার পরিবারের ছয়জনকে আসামি করে ত্রিশাল থানায় মামলা করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রিপা ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ত। সে ত্রিশালের রায়ের গ্রামের অমূল্য চন্দ্র বর্মণের মেয়ে।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, প্রভাষক মনোয়ার হোসেন, প্রভাষক সোহেল রানা, শিক্ষার্থী জহিরুল ইসলাম প্রমুখ। তাঁরা অবিলম্বে রিপার আত্মহত্যায় প্ররোচনা দানকারী হিসেবে অভিযুক্ত পাশের বাড়ির মনোরঞ্জন বর্মণের ছেলে রাজু বর্মণকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।রিপার বড় ভাই উজ্জ্বল বর্মণ বলেন, রিপা আত্মহত্যা করার পর তিনি বাদী হয়ে রাজুসহ তার বাবা, মা ও তিন কাকাকে আসামি করে মামলা করেছেন। কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হননি।রিপার মা মঞ্জু রানী বর্মণ বলেন, ‘আমার মেয়েকে রাজু কলেজে যাওয়ার পথে রাস্তায় উত্ত্যক্ত করত। ওর মৃত্যুর জন্য রাজু দায়ী।’ তিনি দায়ী ব্যক্তিদের বিচারের দাবি করেন।