ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ে জড়িত সন্দেহে আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাফিকসে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনাপ্রবাহ। গ্রাফিকস: মো. জহির উদ্দিন
গ্রাফিকসে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনাপ্রবাহ। গ্রাফিকস: মো. জহির উদ্দিন

ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্য ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ দাবি করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে র‌্যাব হেডকোয়ার্টারে আজ দুপুর ১২টায় সংবাদ ব্রিফিং ডাকা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশাল ও ভালুকার মাঝামাঝি সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে ঝটিকা আক্রমণ চালিয়ে এবং এক পুলিশকে হত্যা করে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন নেতাকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।
ছিনিয়ে নেওয়া তিন জঙ্গি হলেন জেএমবির মজলিসে শুরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন (৩৮), হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান (৩৫) ও জাহিদুল ইসলাম ওরফে মিজান ওরফে বোমা মিজান (৩৫)। এঁদের মধ্যে সালাহউদ্দিন ও হাফেজ মাহমুদ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও বোমা মিজান যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি।
ঘটনার দিন বিকেল নাগাদ ছিনিয়ে নেওয়া জঙ্গি নেতা হাফেজ মাহমুদকে টাঙ্গাইলের পুলিশ গ্রেপ্তার করে। রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।