ত্রিশালে জাতীয় অনুষ্ঠানের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে করার দাবিতে সেখানে গতকাল রোববারও বিক্ষোভ হয়েছে। এ সময় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টা থেকে ত্রিশালের বিভিন্ন পেশার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী সেখানে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। ইউএনও মাহবুব হাসান বলেন, জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের আশ্বাস দেন। সাংসদ এম এ হান্নানও এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টার করবেন বলে জানান।
প্রতিবছর ত্রিশালের দরিরামপুরে নজরুলজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় ঘোষণা দেন, এবার অনুষ্ঠান সেখানে (কুমিল্লায়) হবে। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ত্রিশালবাসী মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করছেন।