ত্রিশালে জাপার দুই সাংসদের বিরুদ্ধে ফের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির (জাপা) বর্তমান সাংসদ এম হান্নান ও সাবেক সাংসদ আনিছুর রহমানের বিরুদ্ধে ময়মনসিংহের বিচারিক হাকিম আদালতে গতকাল রোববার ফের মামলা করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বাসিন্দা ও মুক্তিযোদ্ধা আবুল কালাম বাদী হয়ে গতকাল ২৩ জনকে আসামি করে মামলা করেন।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মো. নওজেস আলী বলেন, আদালতের হাকিম মো. মিটফুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস্থা করা হবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ২১ এপ্রিল আসামিরা পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের সহায়তায় ত্রিশালের কালিরবাজার ও কানিহারী এলাকায় গণহত্যা চালিয়ে শতাধিক লোককে হত্যা করেন।
এর আগে গত বছরের ১৯ মে এম এ হান্নানের বিরুদ্ধে ময়মনসিংহের বিচারিক আদালতে রহিমা খাতুন নামের এক শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন।